কলকাতায় কুয়াশার দাপট, রবিবার থেকে দক্ষিণবঙ্গসহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় কুয়াশার দাপট, রবিবার থেকে দক্ষিণবঙ্গসহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

শনিবার সাতসকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। এদিন ভোর ৬টা নাগাদ ইএম বাইপাস, চিংড়িঘাটা এবং বিমানবন্দর সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কাল থেকে আবহাওয়ার ভোলবদল হতে পারে।

আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। দুই বর্ধমান, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারেও মঙ্গলবার বজ্রপাতসহ ঝড়ের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। মার্চের শুরুতেই এই খামখেয়ালি আবহাওয়ায় পারদ চড়ার পাশাপাশি বৃষ্টির ভ্রুকুটিও বজায় থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *