কলকাতায় চরম গ্যাস সংকট, এক সপ্তাহের মধ্যে বন্ধ হতে পারে কয়েক হাজার রেস্তোরাঁ

ইরান যুদ্ধের প্রভাবে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে শহরের রেস্তোরাঁগুলিতে সিলিন্ডার সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত কয়েকদিন ধরে চাহিদার তুলনায় অর্ধেক গ্যাস মিললেও বর্তমানে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এর ফলে শহরের কয়েক হাজার ছোট-বড় রেস্তোরাঁর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংগঠনের কর্তা সুদেশ পোদ্দার জানিয়েছেন, অধিকাংশ রেস্তোরাঁয় মাত্র তিন থেকে সাত দিনের স্টক অবশিষ্ট রয়েছে। নতুন করে সরবরাহ শুরু না হলে আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত ৫০০০ রেস্তোরাঁ বন্ধের উপক্রম হতে পারে। ইরান পরিস্থিতির কারণে সৃষ্ট এই সংকটে রান্নার কাজ চালানো আসাম্ভব হয়ে পড়ছে। ইতোমধ্যেই বহু আউটলেটে গ্যাসের অভাব স্পষ্ট হতে শুরু করেছে, যা খাদ্য শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের কর্মসংস্থানেও প্রভাব ফেলতে পারে।
এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককে চিঠি লিখে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক না হলে গ্রাহকদের পরিষেবা দেওয়া সম্ভব হবে না বলে স্পষ্ট করেছেন রেস্তোরাঁ মালিকরা। বর্তমানে মজুত থাকা সীমিত জ্বালানি শেষ হয়ে গেলে তিলোত্তমার কয়েক হাজার ভোজনালয় ঝাঁপ বন্ধ করতে বাধ্য হবে, যা শহরের অর্থনীতি ও জনজীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে।