কলকাতায় পাকিস্তানের হামলার হুমকি নিয়ে মোদীকে মমতার তোপ, পাল্টা আক্রমণে শুভেন্দু

কলকাতায় পাকিস্তানের হামলার হুমকি নিয়ে মোদীকে মমতার তোপ, পাল্টা আক্রমণে শুভেন্দু

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর তরফে কলকাতাকে লক্ষ্যবস্তু করার হুমকির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে কড়া প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়ার নাকাশিপাড়ার এক জনসভা থেকে তিনি সরাসরি কেন্দ্রকে নিশানা করে বলেন, পাকিস্তানের এই হুমকির পর প্রধানমন্ত্রী কেন কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন না? মমতার আশঙ্কা, নির্বাচনের আগে এটি কোনো গভীর ব্লুপ্রিন্ট বা ছদ্মবেশী খেলা কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যখন কলকাতাকে টার্গেট করার কথা বলছেন, তখন প্রধানমন্ত্রী চুপ কেন? কেন তিনি বললেন না যে আমরা কঠোর ব্যবস্থা নেব?” পহেলগাঁওয়ের ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই কি এই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হচ্ছে? তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রীর এই আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেন এই ধরনের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করছেন তা বোধগম্য নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মমতার অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দু বলেন, অতীতেও ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের প্রমাণ চেয়ে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে অপমান করেছিলেন।

শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন, ২০১৯ সালে অবন্তীপুরায় জওয়ানদের ওপর হামলার পর বা সাম্প্রতিক অপারেশন সিঁদুরের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর ভূমিকা ছিল নেতিবাচক। জওয়ানদের প্রশংসা না করে তিনি কেন অভিযানের নাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই বিষয়টিও মনে করিয়ে দেন বিরোধী দলনেতা। রেড রোডে সেনাবাহিনীর প্রতি মুখ্যমন্ত্রীর আচরণের কঠোর সমালোচনা করেন তিনি।

বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রীর মানসিকতা সবসময়ই জাতীয় স্বার্থের পরিপন্থী। তিনি কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ‘গ্রেটার বাংলাদেশ’ তৈরি করে তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। সব মিলিয়ে, পাকিস্তানের হুমকি এবং জাতীয় নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি নেতৃত্বের মধ্যে তীব্র রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *