কলকাতায় সোনা ও রুপোর দামে রেকর্ড পতন, এক দিনেই সাশ্রয় কয়েক হাজার টাকা

কলকাতায় সোনা ও রুপোর দামে রেকর্ড পতন, এক দিনেই সাশ্রয় কয়েক হাজার টাকা

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই কলকাতার বাজারে সোনার দামে নজিরবিহীন পতন ঘটল। গত কয়েক মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ পতনের সাক্ষী থাকল তিলোত্তমা। লক্ষ্মীবারে বাজার খুলতেই হলমার্ক সোনার দাম এক ধাক্কায় প্রায় ৬ হাজার টাকা কমেছে। দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর আচমকা এই দরপতনে স্বস্তি ফিরেছে সাধারণ মধ্যবিত্ত ক্রেতা ও গয়না ব্যবসায়ীদের মধ্যে।

ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩০০ টাকা, যা গতকাল ছিল ১ লক্ষ ৫৫ হাজার ৫৫০ টাকা। গয়না তৈরির উপযোগী ২২ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৫০ টাকা। সবচেয়ে বেশি নজর কেড়েছে হলমার্ক সোনার দর, যা প্রতি ১০ গ্রামে ৫,৯৫০ টাকা কমে এখন ১ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকায় থিতু হয়েছে।

সোনার পাশাপাশি রুপোর বাজারেও আজ বড় ধস নেমেছে। কলকাতায় প্রতি কেজি রুপোর দাম এক দিনেই প্রায় ১৫ হাজার টাকা কমেছে। গতকাল যেখানে রুপোর কেজি ছিল ২ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা, আজ তা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকায়। বিনিয়োগকারীরা সাধারণত অস্থির সময়ে সোনা-রুপোর ওপর ভরসা রাখলেও, বর্তমান বাজার পরিস্থিতির এই নাটকীয় পরিবর্তন বিশেষজ্ঞদের বিশেষভাবে নজর আকর্ষণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *