কলকাতায় হামলা চালানোর হুমকি পাক মন্ত্রীর, কেন চুপ মোদী নদিয়ার জনসভা থেকে কড়া প্রশ্ন মমতার

রাজ্যে নির্বাচনী পারদ তুঙ্গে থাকার মধ্যেই এবার জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের একটি বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। পাক মন্ত্রী দাবি করেছেন, প্রয়োজনে কলকাতা পর্যন্ত হামলা চালাবে তাঁদের দেশ। প্রতিবেশী রাষ্ট্রের এই ধৃষ্টতাপূর্ণ হুমকির মুখেও কেন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নিশ্চুপ, সোমবার নদিয়ার জনসভা থেকে সেই প্রশ্নই তুলেছেন মুখ্যমন্ত্রী।
রবিবারই নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর ভাষণে পাকিস্তানের এই হুমকির বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোমবার নদিয়ার সভা থেকে এই মৌনতাকেই হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানান। তিনি বলেন, “পাকিস্তানের এক মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন প্রধানমন্ত্রী গতকাল এসে এই নিয়ে একটি শব্দও খরচ করলেন না? কেন বলতে পারলেন না যে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে?” তৃণমূল নেত্রী এই ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক যোগসাজশ আছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
পাশাপাশি, মালদহের মোথাবাড়ির ঘটনার প্রেক্ষিতেও প্রধানমন্ত্রীকে পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামের মিম-যোগকে হাতিয়ার করে তিনি জানান, তৃণমূল কখনোই এই ধরনের ঘটনা সমর্থন করে না। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, মিম-এর মতো শক্তির সঙ্গে বিহারে লড়াই করার পর এখানে বড় কথা বলতে তাঁর লজ্জা করে না? নাকাশিপাড়ার সভা থেকে মমতা সাফ জানিয়ে দেন, কলকাতাকে আক্রমণের কথা বললে বাংলার মানুষ তা কোনোভাবেই বরদাস্ত করবে না।