কলকাতায় ৫ রুটে বাড়ল অটো ভাড়া, বিপাকে সাধারণ যাত্রীরা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে গ্যাসের আকাশছোঁয়া দাম বৃদ্ধিতে শহর কলকাতায় ফের বাড়ল অটো ভাড়া। সোমবার থেকে বিধাননগর এলাকার ৫টি গুরুত্বপূর্ণ রুটে ২ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ভাড়া বাড়ানোর স্বপক্ষে অটো চালকদের যুক্তি, গত ৯ দিনে গ্যাসের দাম দু-দফায় মোট ১৩ টাকা বাড়ায় অতিরিক্ত খরচ সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া অনিবার্য হয়ে পড়েছে।

নতুন ভাড়া অনুযায়ী, উল্টোডাঙা থেকে সেক্টর ৫ রুটে এখন ৩৫ টাকার পরিবর্তে ৪০ টাকা এবং ট্যাঙ্ক নম্বর ১২ পর্যন্ত ৩০ টাকা গুনতে হবে। এছাড়া মানিকতলা থেকে ফুলবাগান ১৭ টাকা, ফুলবাগান থেকে গিরিশপার্ক ২৩ টাকা এবং ট্যাঙ্ক নম্বর ১৩ থেকে ফুলবাগান রুটে ভাড়া বেড়ে হয়েছে ১৬ টাকা। আকস্মিক এই মূল্যবৃদ্ধিতে যাতায়াতের খরচ বেড়ে যাওয়ায় চরম উদ্বেগে পড়েছেন নিত্যযাত্রীরা।

অটো চালকরা জানিয়েছেন, এলপিজি-র দাম রকেটের গতিতে বাড়তে থাকায় পুরনো ভাড়ায় পরিষেবা বজায় রাখা আসাম্ভব হয়ে পড়েছিল। তবে ৫টি গুরুত্বপূর্ণ রুটে এই বর্ধিত ভাড়ার বোঝা সরাসরি সাধারণ মানুষের ওপর এসে পড়ল। ভাড়া নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহলে নানা জল্পনা থাকলেও আপাতত এই নতুন ভাড়ার তালিকা মেনেই চলাচল করতে হচ্ছে যাত্রীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *