কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা: লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন

শহরের নতুন পুলিশ কমিশনার (সিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অজয় কুমার নন্দা। বিদায়ী সিপি সুপ্রতিম সরকারের স্থলাভিষিক্ত হয়েই তিনি কলকাতার আইনশৃঙ্খলা রক্ষা এবং আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর সোমবার রাতেই তিনি শহর পরিদর্শনে বের হন এবং নাকা চেকিং জোরদার করার নির্দেশ দেন।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সিপ জানান, শহরের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) কঠোরভাবে মেনে চলা হবে। বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করতে প্রতিটি থানাকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো প্রকার গুজব বা ভুয়ো খবর ছড়ানো রুখতে পুলিশি নজরদারি জারি থাকবে।
সম্প্রতি রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনার প্রেক্ষিতে কমিশনার জানান, ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হবে। তিনি স্পষ্ট করেন যে, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ সক্ষম এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দিষ্ট নির্দেশিকা মেনেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনসভা ও মিছিলের ক্ষেত্রেও বাড়তি নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন নতুন নগরপাল।