কলকাতা বন্দরে প্রার্থী জটে জেরবার বিজেপি, আজ মনোনয়ন জমা দিচ্ছেন ফিরহাদ

কলকাতা বন্দরে প্রার্থী জটে জেরবার বিজেপি, আজ মনোনয়ন জমা দিচ্ছেন ফিরহাদ

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। আগামী বৃহস্পতিবারের ডেডলাইন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললেও কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। আজ, সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটা করে মনোনয়ন জমা দিলেও তাঁর প্রতিপক্ষ কে হবেন, তা নিয়ে অন্ধকারে গেরুয়া শিবিরের অন্দরের নেতৃত্ব।

বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ এই বিলম্ব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গত বিধানসভা নির্বাচনে দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করায় প্রচারের সময় কম পাওয়া গিয়েছিল। এবার সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরেও এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী চূড়ান্ত না হওয়াকে ভোটের ময়দানে নেতিবাচক প্রভাব হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

সূত্রের খবর, আলিপুর এলাকার এক দলবদলু নেতার নাম তালিকার শীর্ষে থাকলেও তাঁর বিরুদ্ধে থাকা আইনি জটিলতা ও পুলিশের মামলা অস্বস্তি বাড়িয়েছে দলের। পাশাপাশি, নতুন প্রার্থীর নাম ঘোষণার পর দলীয় কর্মীদের মধ্যে সম্ভাব্য বিক্ষোভ সামলানোও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে মনোনয়ন জমার শেষ মূহূর্তে এসেও কলকাতা বন্দর কেন্দ্রে প্রার্থীর সন্ধানে হিমশিম খাচ্ছে বঙ্গ বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *