কলকাতা মেট্রোয় নয়া নজির: বিদ্যুৎ ছাড়াই ৫৫ কিমি বেগে ছুটবে ব্লু লাইনের ট্রেন

কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রী পরিষেবা আধুনিক করতে বুধবার সেন্ট্রাল স্টেশনে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ (BESS)। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার এস.এস. মিশ্রের উপস্থিতিতে এই অত্যাধুনিক প্রযুক্তির উদ্বোধন করা হয়। ভারতীয় রেলের ইতিহাসে এবং সমগ্র পূর্ব ভারতে এই ধরনের গ্রিন ব্যাটারি প্রকল্প এই প্রথম, যা জরুরি অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।
এই ব্যবস্থার ফলে গ্রিড বিপর্যয় বা বিদ্যুৎ বিভ্রাটের কারণে সুড়ঙ্গের মাঝে ট্রেন আটকে থাকার ভোগান্তি দূর হবে। বিদ্যুৎ না থাকলেও সঞ্চিত শক্তি ব্যবহার করে ট্রেনটি ঘণ্টায় ৫৫ কিমি বেগে পরবর্তী স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবে। এছাড়া এর মাধ্যমে সুড়ঙ্গের ভেন্টিলেশন, আলো ও সিগন্যালিং ব্যবস্থা সচল রাখা সম্ভব হবে, যা যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বহুগুণ বাড়িয়ে দেবে।
পরিবেশবান্ধব এই প্রকল্পে ব্যবহৃত ৪ মেগাওয়াট ক্ষমতার এসিজি ব্যাটারির গড় আয়ু প্রায় ১৪ বছর। এটি কার্বন নিঃসরণ কমিয়ে মেট্রোকে আরও ‘সবুজ’ পরিবহণে রূপান্তরিত করবে। উন্নত প্রযুক্তির এই ইনভার্টার সিস্টেমটি একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় করবে, অন্যদিকে গ্রিডের ওপর চাপ কমিয়ে কলকাতার লাইফলাইনকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে।