কলকাতা মেট্রোর নিরাপত্তা ও সম্প্রসারণ নিয়ে সংসদে বড় আপডেট দিলেন রেলমন্ত্রী
কলকাতা মেট্রোর পরিকাঠামোগত নিরাপত্তা এবং বর্তমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সংসদে তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের বিস্তারিত জবাব দিল রেল মন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মেট্রোর পিলার, প্ল্যাটফর্মের ছাদ এবং সুড়ঙ্গসহ সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় নিয়মিত নজরদারি ও পরীক্ষা চালানো হয়। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে লাইন ও সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করছে রেল কর্তৃপক্ষ। কলকাতায় বর্তমানে চারটি করিডরে প্রায় ৫২ কিলোমিটার মেট্রো পথের সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে, যার বড় অংশই এখন বাস্তবায়নের পথে।
জবাবি চিঠিতে রেলমন্ত্রী উল্লেখ করেছেন যে, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের মধ্যে কলকাতায় ৪৫ কিলোমিটার নতুন মেট্রো পথ চালু করা হয়েছে, যা ১৯৭২ থেকে ২০১৪ সাল পর্যন্ত হওয়া কাজের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে বর্তমানে প্রায় ২০ কিলোমিটার পথের কাজ জমি অধিগ্রহণ এবং উচ্ছেদ সংক্রান্ত জটিলতার কারণে থমকে আছে। বিশেষ করে নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার এবং খিদিরপুর স্টেশনের ট্র্যাফিক ডাইভারশন ও ইউটিলিটি শিফ্টিংয়ের সমস্যার কারণে মাঝেরহাট-এসপ্ল্যানেড রুটের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত প্রকল্পগুলো শেষ করতে রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করেছে কেন্দ্র।
বর্তমানে নোয়াপাড়া-বারাসাত রুটে জয়হিন্দ এয়ারপোর্ট থেকে মাইকেল নগর পর্যন্ত কাজ চললেও কিছু অংশে জট অব্যাহত রয়েছে। একইভাবে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটারের কাজও বকেয়া তালিকার অন্তর্ভুক্ত। রেলের দেওয়া খতিয়ান অনুযায়ী, পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রুট ধরে ধরে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। কেন্দ্রীয় মন্ত্রক স্পষ্ট করেছে যে, প্রশাসনিক ও কারিগরি প্রতিকূলতা কাটিয়ে উঠলে তিলোত্তমার মেট্রো পরিষেবা আরও বিস্তৃত ও আধুনিক হয়ে উঠবে।