কলকাতা মেট্রোর স্বাস্থ্য রিপোর্ট নিয়ে লোকসভায় ধোঁয়াশা: প্রশ্নের সুনির্দিষ্ট জবাব এড়িয়ে গেল রেলমন্ত্রক

কলকাতা মেট্রোর পরিকাঠামোগত নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে লোকসভায় সরব হলেন তৃণমূল সাংসদ মালা রায়। মেট্রোর পিলার, প্ল্যাটফর্মের ছাদ এবং রেলওয়ে ট্র্যাকের বর্তমান অবস্থা নিয়ে লিখিত প্রশ্নের মাধ্যমে তিনি সরকারের অবস্থান জানতে চান। তবে বুধবার লোকসভায় পেশ করা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জবাবে সেই তথ্যের অভাবই স্পষ্ট হয়ে উঠেছে।
সাংসদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, কলকাতা মেট্রো সহ দেশের সমস্ত রেল পরিকাঠামো রক্ষায় নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করা হয়। তিনি দাবি করেন, নিয়মিত পেট্রলিং, অন-ফুট এবং ট্রলি ইনস্পেকশনের মাধ্যমে রক্ষণাবেক্ষণের কাজ চলে। এছাড়া ‘রাইটস’-এর মতো বিশেষজ্ঞ সংস্থাকেও তদারকির কাজে লাগানো হয়। এই প্রকল্পের জন্য মোট ৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সদস্যের মূল প্রশ্ন এড়িয়ে রেলমন্ত্রী পরিকাঠামোগত স্বাস্থ্য পরীক্ষার চূড়ান্ত রিপোর্টের কোনো উল্লেখ করেননি। ট্রেনের ফুটপ্লেট এবং রিয়ার উইন্ডো ইনস্পেকশনের মতো যান্ত্রিক প্রক্রিয়ার ব্যাখ্যা দিলেও, মেট্রোর স্তম্ভ বা ট্র্যাকের প্রকৃত অবস্থা সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দেননি তিনি। শুধুমাত্র কলকাতা মেট্রো নয়, বন্দে ভারত ট্রেনের উৎপাদন খরচ সংক্রান্ত প্রশ্নের উত্তরেও রেলমন্ত্রীর অনীহা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।