কলকাতা মেডিক্যাল কলেজে বিরল সাফল্য: মহিলার ফুসফুস থেকে মিলল কৃমির লার্ভা

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক ৩৫ বছর বয়সী মহিলার ফুসফুসে বিরল ‘হাইড্যাটিড সিস্ট’ বা কৃমির লার্ভার সন্ধান মিলেছে। সাধারণত লিভারে দেখা দিলেও, ফুসফুসে এই সংক্রমণ অত্যন্ত বিরল বলে জানিয়েছেন চিকিৎসকরা। সামান্য কাশি ও গলা খুসখুস নিয়ে আসা ওই রোগীর এক্স-রে এবং সিটি স্ক্যান রিপোর্টে ফুসফুসে সাদা গোলাকৃতি সিস্ট ধরা পড়ে।
হাসপাতালের ‘চেস্ট অ্যান্ড রেসপিরেটরি’ এবং ‘সিটিভিএস’ বিভাগের চিকিৎসকরা যৌথ আলোচনার মাধ্যমে অস্ত্রোপচারের বদলে ওষুধের মাধ্যমে চিকিৎসার সিদ্ধান্ত নেন। বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিবেস কুমার দাস ও ডা. সব্যসাচী চৌধুরীর তত্ত্বাবধানে বিশেষ চিকিৎসায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে তিনি সঙ্কটমুক্ত এবং হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে নিয়মিত পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকদের মতে, নিয়মিত রেড মিট খাওয়া অথবা কুকুর ও সমজাতীয় প্রাণীর মলের সংস্পর্শে এলে এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে। বিশেষ করে খালি পায়ে হাঁটার সময় সংক্রমণের ঝুঁকি প্রবল থাকে। অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস এই বিরল চিকিৎসায় হাসপাতালের সম্মিলিত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এবং জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।