কলকাতা-সহ বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

গত সপ্তাহ থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে শহর ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা বেশি। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা উপরে থাকায় সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি বজায় রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ১৯শে মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। স্থানীয় বাসিন্দাদের বিকেলের দিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।