কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যালে ‘ইন্ডিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান ও ‘উত্তরায়ণ’ গ্রন্থের উন্মোচন

গত ২২ ফেব্রুয়ারি রথীন্দ্র মঞ্চে ‘কলম শিল্পী ইন্টারন্যাশনাল লিটারারি অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন’-এর উদ্যোগে আয়োজিত হলো ‘কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল – সিজন ১’। জোড়াসাঁকোর সাংস্কৃতিক আবহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দীপান্বিতা হাজারিকা, তবলা বাদক মল্লার ঘোষ ও প্রাক্তন ডেপুটি কমিশনার গৌতম দাসসহ একাধিক গুণী ব্যক্তিত্ব। উৎসবের মূল আকর্ষণ ছিল শিক্ষা, সাহিত্য ও সমাজসেবার বিভিন্ন স্তরে কৃতীদের ‘ইন্ডিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান।
অনুষ্ঠানে ভোরের আলো প্রকাশনী থেকে যৌথ কবিতা সংকলন ‘উত্তরায়ণ’ এবং জার্নাল কাব্যগ্রন্থ ‘মন বিকাশের দর্শন’-এর মোড়ক উন্মোচন করা হয়। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির নান্দনিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। চার শতাধিক শিল্পী ও সাহিত্যিকের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বর্ণাঢ্য মিলনমেলায় পরিণত হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার ডিরেক্টর পূর্বাশা মিত্র এবং সভাপতিত্ব করেন ড. মহীতোষ গায়েন। আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন ড. অর্ণব দত্ত ও প্রকাশক আহেদা খাতুন। সাহিত্য ও সংস্কৃতির এই মেলবন্ধন আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে আয়োজনের প্রত্যাশা জাগিয়ে এক স্মরণীয় সমাপ্তি টানে।