কল্যাণীতে সাতসকালে ‘বয়কট বিজেপি’ পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

বিধানসভা ও লোকসভা ভোটে পদ্ম শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কল্যাণীতে এবার পোস্টার বিতর্ক ঘিরে দানা বাঁধল তীব্র চাঞ্চল্য। বুধবার সকালে কল্যাণী শহরের ২১টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ‘হ্যাশট্যাগ বয়কট বিজেপি’ লেখা পোস্টার সাধারণ মানুষের চোখে পড়ে। লোকসভা নির্বাচনের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে চরম চাপানউতোর।
শহরের দেওয়ালে দেওয়ালে এই পোস্টার পড়ার ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তৃণমূলই এই ধরণের কাজ করছে। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘাসফুল শিবিরের দাবি, এই পোস্টারের সঙ্গে দলের কোনো যোগ নেই; বরং সাধারণ মানুষই বিজেপিকে প্রত্যাখ্যান করে রাস্তায় নেমেছেন। বিশেষ করে এসআইআর সংক্রান্ত বিষয়ে হয়রানির শিকার হয়ে ক্ষুব্ধ জনতাই এই প্রতিবাদ জানিয়েছেন বলে তৃণমূলের দাবি।
উল্লেখ্য, বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনে কল্যাণীতে বিজেপি জয়ী হলেও পুরসভা নির্বাচনে সবকটি ওয়ার্ডেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রেক্ষাপটে ভোটের আগে এই পোস্টার বিতর্ক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।