কাজে গাফিলতি বরদাস্ত নয় ভারতীয় রেলের ৬ আধিকারিককে অকাল অবসর দিয়ে কড়া বার্তা

পরিষেবার মান বজায় রাখতে এবং কাজে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রেল মন্ত্রক। খারাপ পারফরম্যান্সের কারণে ভারতীয় রেলওয়ে সংস্থাপন বিধির ১৮০২ (এ) ধারা প্রয়োগ করে উত্তর, পূর্ব ও দক্ষিণ-পশ্চিম রেলসহ বিভিন্ন জোনের ছয়জন উচ্চপদস্থ আধিকারিককে বাধ্যতামূলকভাবে অবসর দেওয়া হয়েছে। এই তালিকায় রেলওয়ে বোর্ডের ডেপুটি ডিরেক্টর থেকে শুরু করে চিফ প্রোজেক্ট ম্যানেজার পদমর্যাদার অফিসাররাও রয়েছেন। রেলের এই কঠোর সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে যে, প্রশাসনের কোনো স্তরেই অদক্ষতা এবং গাফিলতিকে আর প্রশ্রয় দেওয়া হবে না।
জাতীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে এবং পরিষেবার গতি বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলের এই ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী, জনস্বার্থে যে কোনো আধিকারিককে নির্দিষ্ট সময়ের আগেই অবসর দেওয়ার ক্ষমতা রাখে প্রশাসন। এই ঘটনার পর রেলের প্রতিটি স্তরের কর্মীদের সতর্ক করা হয়েছে, যাতে তারা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী দায়িত্ব পালন করেন। অন্যথায় আগামী দিনেও অযোগ্যদের বিরুদ্ধে এমন কড়া আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছে রেল বোর্ড।