কানাডার আদালতের নির্দেশ অমান্য করে কলকাতায় আসা সেই শিশুকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

বাবা-মায়ের অসুখী দাম্পত্য এবং দীর্ঘ আইনি টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে কানাডায় ফিরছে পাঁচ বছরের এক শিশুকন্যা। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে কানাডা নিবাসী বাবাকে কলকাতায় এসে তাঁর স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কর্ম সূত্রে দীর্ঘকাল বিদেশে থাকা ওই দম্পতির সন্তান জন্মসূত্রে কানাডার নাগরিক।
মামলা সূত্রে জানা গিয়েছে, ঠাকুরপুকুরের বাসিন্দা ওই মহিলা বিদেশের আদালতের নির্দেশ অমান্য করে আচমকাই মেয়েকে নিয়ে কলকাতায় চলে আসেন। এরপরই নিজের সন্তানকে ফিরে পেতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বাবা। গত বছরের ডিসেম্বর থেকে চলা এই মামলায় আদালত প্রশ্ন তোলে, কেন সেদেশের আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে শিশুটিকে আনা হলো। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ভিডিও কলের মাধ্যমে বাবার সঙ্গে শিশুর কথা বলার সুযোগ করে দিয়েছিল আদালত।
শুনানি চলাকালীন বাবার আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়, দাম্পত্য কলহের জেরে শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন ওই মহিলা। এমনকি স্বামীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতো বিস্ফোরক অভিযোগও তোলা হয়। সব দিক বিবেচনা করে আদালত বুধবার স্পষ্ট জানিয়ে দেয়, শিশুটির ভবিষ্যৎ ও নাগরিকত্বের স্বার্থে তাকে কানাডায় ফেরানোই বাঞ্ছনীয়। হাই কোর্টের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বাবা, খুশি হয়েছে শিশুটিও। তবে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকায় ভবিষ্যতে বিষয়টি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।