কাবুলে পাকিস্তানের বিধ্বংসী বিমান হামলা, হাসপাতালে মৃত অন্তত ৪০০, অস্বীকার ইসলামাবাদের

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার রাতে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন চিকিৎসকসহ অন্তত ৪০০ জন। তালিবান সরকারের দাবি অনুযায়ী, রাত ৯টা নাগাদ একটি জনাকীর্ণ হাসপাতালে এই এয়ারস্ট্রাইক চালানো হয়, যাতে আরও ২৫০ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। ২০২১ সালের কাবুল বিমানবন্দর হামলার পর এটিই আফগান ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে চলা সীমান্ত সংঘাতের জেরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। আফগান মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, ২০০০ শয্যার ওই হাসপাতালটিতে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বর্তমানে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধারের কাজ চালাচ্ছে। এর আগে কান্দাহার ও পাক্তিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটিতেও পাকিস্তান বিমান হামলা চালিয়েছিল বলে সংবাদে প্রকাশ।
তবে পাকিস্তান সরকার হাসপাতালে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশারফ জাইদির দাবি, তারা কোনো হাসপাতালে নয়, বরং সুনির্দিষ্ট জঙ্গি ঘাঁটিতে অভিযান চালিয়েছে। ইসলামাবাদের পক্ষ থেকে একে একটি সামরিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে কাবুলের দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।