কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল কি এবার বিজেপির প্রার্থী? শমীকের সঙ্গে সাক্ষাতে তুঙ্গে জল্পনা

কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল কি এবার বিজেপির প্রার্থী? শমীকের সঙ্গে সাক্ষাতে তুঙ্গে জল্পনা

২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রাজনৈতিক রদবদলের ইঙ্গিত মিলছে বঙ্গ রাজনীতিতে। শনিবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কামদুনি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ টুম্পা কয়াল। দীর্ঘদিনের জনসংযোগ থাকলেও টুম্পা এখনও আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেননি। তবে রবিবারে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে প্রার্থী তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগেই এই সাক্ষাৎ টুম্পার রাজনৈতিক অভিষেকের সম্ভাবনাকে জোরালো করেছে।

রাজনৈতিক মহলের ধারণা, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম আসন থেকে টুম্পা কয়ালকে প্রার্থী করতে পারে বিজেপি। দলের বাকি ৩৯টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগেই এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে। ২০১৩ সালে কামদুনির নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে টুম্পা এবং মৌসুমী কয়াল প্রতিবাদের অগ্রভাগে ছিলেন। মুখ্যমন্ত্রীর সামনে নির্ভীক সওয়াল করে নজরকাড়া টুম্পা এবার সরাসরি নির্বাচনী ময়দানে নামেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

উল্লেখ্য, ২০১৩ সালের ৭ জুন কামদুনিতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। নিম্ন আদালত সাজা দিলেও ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের রায়ে কয়েকজন অভিযুক্ত খালাস পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন টুম্পা। দীর্ঘ লড়াইয়ের পর এবার সেই আন্দোলনের মুখকে নিজেদের শিবিরে টেনে বিজেপি নতুন কোনো সমীকরণ তৈরি করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক দিনের মধ্যেই টুম্পার রাজনৈতিক অবস্থান পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *