কালিয়াগঞ্জে এক দশক পর কাস্তে-হাতুড়িতে ভোট, নিজস্ব প্রতীকে উজ্জীবিত বাম কর্মীরা

দীর্ঘ দশ বছর পর উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে নিজস্ব প্রতীকে লড়াইয়ে ফিরল সিপিএম। রাজনৈতিক জোটের সমীকরণে গত দুটি নির্বাচনে এই আসনে প্রার্থী দিতে পারেনি বামেরা। এবার দলীয় প্রতীকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন হীরু রায় সরকার। সোমবার বরুনা গ্রাম পঞ্চায়েত এলাকায় নিবিড় জনসংযোগ ও প্রচার চালান তিনি। নিজস্ব প্রতীকে ভোট দেওয়ার সুযোগ ফেরায় স্থানীয় বাম কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
সিপিএম নেতৃত্বের দাবি, এক সময় কালিয়াগঞ্জ বামেদের শক্ত ঘাঁটি ছিল। জোটের কারণে দলীয় সিম্বল না থাকায় ভোটব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছিল। উত্তর এরিয়া কমিটির সদস্য ঐশানি বাগচি এবং অয়ন দত্ত জানান, এবার দলের কর্মীরা নতুন শক্তিতে ময়দানে নেমেছেন। প্রার্থীর দাবি, তৃণমূল ও বিজেপির শাসনে বীতশ্রদ্ধ সাধারণ মানুষ এবার বিকল্প হিসেবে সিপিএমকেই বেছে নেবেন। বুথে বুথে প্রচারের মাধ্যমে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া বাম শিবির।
অন্যদিকে, বিগত নির্বাচনে জোটবদ্ধ লড়াই করলেও এবার কালিয়াগঞ্জে বাম ও কংগ্রেস পৃথকভাবে প্রার্থী দিয়েছে। কংগ্রেসের ব্লক সভাপতি সুজিত দত্ত জানিয়েছেন, এবার লড়াই হবে আলাদা। ২০১১ সালের নির্বাচনে এই আসনে দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। দীর্ঘ বিরতির পর কাস্তে-হাতুড়ি প্রতীকের প্রত্যাবর্তন কালিয়াগঞ্জের নির্বাচনী লড়াইকে এবার বহুমাত্রিক ও আকর্ষণীয় করে তুলেছে।