কালিয়াচক কাণ্ডে এনআইএ তদন্তের তৃতীয় দিন, ১৫০ জনকে জিজ্ঞাসাবাদের পর জমা পড়ছে প্রাথমিক রিপোর্ট

কালিয়াচক কাণ্ডে এনআইএ তদন্তের তৃতীয় দিন, ১৫০ জনকে জিজ্ঞাসাবাদের পর জমা পড়ছে প্রাথমিক রিপোর্ট

মালদার কালিয়াচকে বিচারক ও আধিকারিকদের ওপর হামলার ঘটনায় তদন্তের গতি বাড়াল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। রবিবার তদন্তের তৃতীয় দিনে কালিয়াচক ২ নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের কাজ চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্র মারফত জানা গিয়েছে, প্রাথমিক তদন্তের পর্ব শেষ করে এনআইএ-র বিশেষ দলটি আজই কলকাতায় ফিরতে পারে এবং আগামিকালই এই ঘটনার গতিপ্রকৃতি নিয়ে একটি প্রাথমিক রিপোর্ট পেশ করার সম্ভাবনা রয়েছে।

তদন্তের স্বার্থে ইতিমধ্যেই ১৫০ জনেরও বেশি মানুষকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গোয়েন্দারা মনে করছেন, এই বিশাল সংখ্যক মানুষের বয়ান থেকে ঘটনার নেপথ্যে থাকা মূল ষড়যন্ত্রের সূত্র মিলতে পারে। এর পাশাপাশি, মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) অনিন্দ্র সরকারকে রবিবার সকালেই কালিয়াচক ২ নম্বর ব্লক দপ্তরে তলব করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সেদিনের ঘটনার পূর্ণাঙ্গ তথ্য ও রিপোর্ট সংগ্রহের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে কলকাতার বালিগঞ্জে আক্রান্ত এক বিচারকের বাসভবনে গিয়েও তদন্ত চালায় এনআইএ-র একটি দল। সেদিন ঘটনার সময় কতজনের জমায়েত ছিল, পাইলট কার থাকা সত্ত্বেও কোথায় কোথায় তাঁদের বাধা দেওয়া হয়েছিল এবং পুলিশি নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কি না, তা খুঁটিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ পড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভে মালদার পাঁচটি বিধানসভা কেন্দ্র স্তব্ধ হয়ে গিয়েছিল এবং সাতজন জুডিশিয়াল অফিসার দীর্ঘ আট ঘণ্টা ঘেরাও হয়ে ছিলেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে শাহজাহান আলি-সহ ১৮ জনকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে, ১৯ তম অভিযুক্ত মোফাক্কারুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর সময় গ্রেপ্তার করে সিআইডি। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের আগাম সতর্কতা নিয়ে প্রশ্ন তুলে এনআইএ এখন তাদের চূড়ান্ত রিপোর্টের দিকে এগোচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *