কালিয়াচক কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কমিশনের শুক্রবারই মালদহ যাচ্ছে কেন্দ্রীয় দল

কালিয়াচক কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কমিশনের শুক্রবারই মালদহ যাচ্ছে কেন্দ্রীয় দল

মালদহের কালিয়াচকে বিচারকদের ওপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বৃহস্পতিবার বিকেলে এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা শুক্রবার সকালেই রাজ্যে পৌঁছে তদন্ত প্রক্রিয়া শুরু করবেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।

ভোটার তালিকায় নাম না ওঠায় গত বুধবার সকাল থেকেই কালিয়াচকে জনরোষ তৈরি হয়েছিল। পরিস্থিতি চরম আকার ধারণ করে যখন এসআইআরের কাজে যাওয়া সাতজন জুডিশিয়াল অফিসারকে দীর্ঘক্ষণ বিডিও অফিসে আটকে রাখা হয়। অভিযোগ, উত্তেজিত জনতা মহিলা বিচারকসহ আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। শেষমেশ গভীর রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিস্থিতির ভয়াবহতা শীর্ষ আদালতকে জানানো হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, গভীর রাত পর্যন্ত আদালতের নজরদারিতে উদ্ধারকাজ চলেছে। বিচারকদের ওপর এই ধরনের হামলা বিচারবিভাগের ওপর ভয়ের প্রভাব ফেলবে বলে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। যেহেতু কোনও বিস্ফোরণের ঘটনা ঘটেনি, তাই এনআইএ-র পরিবর্তে সিবিআই-কে এই তদন্তের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *