কালিয়াচক কাণ্ডে সুপ্রিম ভর্ৎসনার মুখে মুখ্যসচিব ও ডিজি, তদন্তভার পেল এনআইএ

কালিয়াচক কাণ্ডে সুপ্রিম ভর্ৎসনার মুখে মুখ্যসচিব ও ডিজি, তদন্তভার পেল এনআইএ

মালদহের কালিয়াচকে সাত জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার ঘটনায় নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের মুখ্যসচিব দুষ্ম্যন্ত নারিওয়াল এবং পুলিশ ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ স্বতঃপ্রনোদিত মামলার শুনানিতে প্রশাসনিক ব্যর্থতার দিকে আঙুল তোলে। হাইকোর্টের প্রধান বিচারপতির ফোন না ধরা এবং দায়িত্ব পালনে অবহেলার জন্য শীর্ষ আদালত ক্ষোভ প্রকাশ করে মুখ্যসচিবকে ‘মাটিতে নামার’ পরামর্শ দেয়।

আদালত জানায়, এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের নির্লিপ্ততায় ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে অবিলম্বে এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্য পুলিশকে মামলার যাবতীয় নথিপত্র কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এনআইএ-কে আগামী ১৩ এপ্রিলের মধ্যে এই সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।

ইতিমধ্যেই কালিয়াচকের ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৩২ জনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বৃহত্তর তদন্তের প্রয়োজন বলে মনে করছে শীর্ষ আদালত। এদিকে, ঘটনার মূল অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে কলকাতা বার অ্যাসোসিয়েশন থেকে সাসপেন্ড করা হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, বিচারবিভাগীয় কর্মকর্তাদের নিরাপত্তায় গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং পুরো প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *