কালিয়াচক কাণ্ড: হামলার আশঙ্কায় জেলাশাসককে আগেই চিঠি দিয়েছিলেন বিচারকরা

মালদহের কালিয়াচকে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, হামলার আশঙ্কায় গত মার্চ মাসের শেষেই জেলাশাসককে সতর্ক করে চিঠি দিয়েছিলেন বিচারকরা। কালিয়াচক বিডিও অফিস এলাকাকে ‘স্পর্শকাতর’ উল্লেখ করে সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা। এমনকি এসআইআর তালিকা থেকে বাদ পড়ারা হামলা চালাতে পারে ভেবে অফিস সরানোর আবেদনও জানানো হয়েছিল।
প্রশাসনের বিরুদ্ধে বিচারকদের এই আগাম সতর্কতা উপেক্ষা করার গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে মালদহের জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপি-কে শোকজ করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে এনআইএ তদন্ত শুরু করেছে এবং কেন্দ্রীয় গোয়েন্দা দল শনিবার জেলাশাসকের দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।
এদিকে মোথাবাড়ি-কাণ্ডের মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জনতাকে উসকানি ও অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গের এডিজি কে জয়রামণ জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত ১৯টি মামলা দায়ের হয়েছে এবং মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।