কালীগঞ্জে সিপিএমের প্রার্থী নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন; ‘শহিদ কিশোরী’ তকমা দিলেন বিমান বসু

কালীগঞ্জে সিপিএমের প্রার্থী নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন; ‘শহিদ কিশোরী’ তকমা দিলেন বিমান বসু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। সোমবার ঘোষিত এই তালিকায় নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে সাবিনা ইয়াসমিনের নাম বিশেষভাবে নজর কেড়েছে। সাবিনা ইয়াসমিন কয়েক মাস আগে বোমা বিস্ফোরণে নিহত কিশোরী তামান্নার মা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তামান্নাকে ‘শহিদ কিশোরী’ হিসেবে উল্লেখ করে এই লড়াইকে ন্যায়বিচারের সংগ্রাম বলে অভিহিত করেছেন।

কালীগঞ্জ উপনির্বাচনের পরবর্তী বিজয় মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছিল তামান্না। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছিল কিশোরীর পরিবার। মেয়ের অকাল মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়া সাবিনা একসময় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। দীর্ঘ শোক ও চরম নিরাপত্তাহীনতার কাটিয়ে এবার তিনি সরাসরি নির্বাচনী ময়দানে নামতে চলেছেন।

রাজনৈতিক মহলের মতে, কালীগঞ্জে সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বামেদের দাবি, তামান্নার মৃত্যুর প্রতিবাদ এবং পরিবারের লড়াইকে মর্যাদা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মেয়ের বিচার চাওয়ার অঙ্গীকার নিয়ে জনসমক্ষে আসা এক শোকাতুর মায়ের এই নির্বাচনী লড়াই আসন্ন বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্রকে লাইমলাইটে নিয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *