কালীঘাটে বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার, কালো পতাকা প্রদর্শন

রাজ্যে তিন দিনের সফরে এসে সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় তাঁকে ঘিরে ধরে একদল বিক্ষোভকারী কালো পতাকা দেখান এবং ‘গো ব্যাক’ স্লোগান তোলেন। অভিযোগ উঠেছে, এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে অনেকের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেও বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন।
অপ্রীতিকর পরিস্থিতি সত্ত্বেও জ্ঞানেশ কুমার মন্দিরে প্রবেশ করে পুজো দেন। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজনৈতিক কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। সংক্ষিপ্ত বার্তায় তিনি কেবল পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গলকামনা করেন এবং জানান যে, রাজ্যে ভয়মুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর সঙ্গে এই সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল উপস্থিত ছিলেন।
রবিবার রাতে কলকাতায় পৌঁছানোর পর থেকেই বিভিন্ন স্থানে বিক্ষোভের সম্মুখীন হচ্ছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত যাত্রাপথেও বাম ও তৃণমূল কর্মী-সমর্থকরা পৃথকভাবে কালো পতাকা দেখিয়েছেন। সোমবার রাজনৈতিক দল ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনা নিয়ে এই সফরে একাধিক প্রশাসনিক পর্যালোচনার পরিকল্পনা রয়েছে কমিশনের।