কালীঘাটে বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার, মন্দির দর্শনে রাজ্যের মঙ্গলকামনা

তিন দিনের সফরে কলকাতায় এসে সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে মন্দির চত্বরে তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান একদল উত্তেজিত জনতা। কালো পতাকা প্রদর্শনের পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি মন্দিরে প্রবেশ করেন এবং কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া না জানিয়ে শান্তভাবে পুজো সম্পন্ন করেন।
পুজো শেষে বেরিয়ে জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের সকল ভাইবোনদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “কালী মা সকলকে ভালো রাখুন।” নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্যের সার্বিক মঙ্গল এবং আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই প্রার্থনাই জানিয়েছেন তিনি। এরপর বেলুড় মঠেও তাঁর যাওয়ার কথা রয়েছে। গতরাতেও কলকাতায় পৌঁছানোর পর তাঁকে একই ধরনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল।
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে ফুল বেঞ্চসহ রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার। সফরকালে তিনি সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশীকে নিয়ে রাজনৈতিক দল, মুখ্যসচিব এবং পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন। কেরালার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন যে, সকলের সহযোগিতায় বাংলায় এবার একটি মডেল ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।