কিউবায় সরকার পরিবর্তনের হুঁশিয়ারি ট্রাম্পের, মিগুয়েলকে মাদুরোর পরিণতির সতর্কতা

কিউবায় দীর্ঘকালীন সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটাতে আগ্রাসী অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলকে সরাসরি পদত্যাগের চরমসীমা দেওয়া হয়েছে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়লে মিগুয়েলকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোর মতো বন্দি দশা বরণ করতে হবে। বর্তমানে মাদক পাচারের অভিযোগে মাদুরো মার্কিন কারাগারে বন্দি রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, আধুনিক বিশ্বে কমিউনিজম প্রগতি ও উন্নয়নের পরিপন্থী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রতিবেশী দেশগুলোতে হস্তক্ষেপের দম্ভোক্তি করে দ্রুত কিউবা দখলের আশাপ্রকাশ করেছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কিউবার জ্বালানি সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের এমন কঠোর অবস্থান দীর্ঘ ৬৭ বছরের বৈরী সম্পর্ক সুধরাবার আলোচনার প্রক্রিয়াকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
অন্যদিকে, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল সমমর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিতে আলোচনার আগ্রহ প্রকাশ করলেও মার্কিন শর্ত মানার বিষয়ে এখনো নিশ্চুপ। নিউইয়র্ক টাইমসের দাবি, ট্রাম্প প্রশাসন মিগুয়েলকে সরিয়ে কিউবার মানুষের মাধ্যমে নতুন শাসক বেছে নেওয়ার শর্ত দিয়েছে। অতীতে অনেক মার্কিন প্রেসিডেন্ট কিউবায় নিষেধাজ্ঞা জারি করলেও, সরাসরি শাসক বদলানোর এই নজিরবিহীন হুমকি আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।