কিমকে সামলাবে কে! মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থা সরাচ্ছে আমেরিকা

মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান হামলার মোকাবিলা করতে দক্ষিণ কোরিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ (THAAD) সরিয়ে নিচ্ছে পেন্টাগন। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই পূর্ব এশিয়ায় নতুন করে নিরাপত্তা সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। গত ৩ মার্চ রাতের একটি ভিডিওতে দেখা গিয়েছে, সিওল থেকে ২৩০ কিলোমিটার দূরে সোসিয়ং-রি অঞ্চলের রাডার বেস থেকে বড় ট্রাকে করে ঢাকা দেওয়া অবস্থায় এই প্রতিরক্ষা ব্যবস্থার অংশবিশেষ সরিয়ে নেওয়া হচ্ছে।
পেন্টাগন এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইজরায়েল ও সংলগ্ন অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুখতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি দুবাই বিমানবন্দর এবং বাহরিনে ইরানের হামলায় এক ভারতীয়সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকি হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলায় দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে চরম উদ্বেগে দিন কাটাচ্ছে দক্ষিণ কোরিয়া। সিওলের আশঙ্কা, কিম জং উনের উত্তর কোরিয়া এই সুযোগে সীমান্ত অঞ্চলে বড় ধরনের প্ররোচনা বা হামলা চালাতে পারে। দক্ষিণ কোরিয়ার আকাশ কার্যত সুরক্ষা কবচহীন হয়ে পড়লে কিম আরও বেপরোয়া হয়ে উঠবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকা কিমের মোকাবিলায় কোনো বিকল্প ব্যবস্থা করবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।