কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ ড্রোন হামলা, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

নিউজ ডেস্ক
কুয়েত সিটিতে মার্কিন দূতাবাসের ওপর আছড়ে পড়ল ইরানের ঝাঁকে ঝাঁকে ড্রোন। সোমবার সকাল থেকেই আকাশ বিধ্বংসী বিস্ফোরণের শব্দ আর কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও জোরালো হয়েছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা, যেখানে নাগরিকদের বলা হয়েছে কোনোভাবেই যেন তাঁরা দূতাবাসের ত্রিসীমানায় না আসেন।
শনিবার থেকেই উপসাগরীয় অঞ্চলে ইরানের এই পালটা হামলা শুরু হয়েছে। সোমবার সকালে রাজধানী কুয়েত সিটিতে এয়ার রেইড সাইরেন বেজে উঠতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এএফপি সংবাদদাতার তথ্য অনুযায়ী, মার্কিন দূতাবাসের ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এই হামলার পর মার্কিন কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে বাড়ির নিচের তলায় জানলা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, তারা ভোরের দিকে বেশ কয়েকটি ড্রোন রুখে দিতে সক্ষম হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের ১৫টি ক্রুজ মিসাইল এবং ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম বিমানঘাঁটি এবং ভারত মহাসাগরে থাকা মার্কিন জাহাজগুলোতেও হামলা চালিয়েছে তেহরান।
ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতেই এই রণংদেহি মূর্তি ধারণ করেছে তেহরান। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত করেছে যে, গতরাতের হামলায় ইতিমধ্যে ১ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। পরিস্থিতি যে কোনো সময় হাতের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।