কুলতলিতে উন্নয়নের লড়াই মুখোমুখি ঘাসফুল শিবিরের গণেশ ও পদ্মপ্রার্থী মাধবী

সুন্দরবনের কুলতলি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। গত নির্বাচনে বড় ব্যবধানে জয়ী তৃণমূলের ভূমিপুত্র গণেশচন্দ্র মণ্ডলকে পুনরায় প্রার্থী করেছে জোড়াফুল শিবির। অন্যদিকে, বিজেপি ভরসা রেখেছে পরিচারিকার কাজ করে এমএ পাস করা লড়াকু নেত্রী মাধবী মহলদারের ওপর। দুই পক্ষই উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে।
বিধায়ক গণেশ মণ্ডলের লক্ষ্য কুলতলিকে একটি মডেল হিসেবে গড়ে তোলা। তিনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা এবং কৈখালির মতো এলাকাগুলিকে পর্যটনকেন্দ্র হিসেবে সাজিয়ে তোলার ওপর জোর দিচ্ছেন। তাঁর প্রধান লক্ষ্য সিজার অস্ত্রোপচারের সুবিধা চালু করা এবং মৈপীঠ থেকে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা বৃদ্ধি করা।
বিজেপি প্রার্থী মাধবী মহলদার মূলত সুপার স্পেশালিটি হাসপাতাল ও মৈপীঠ-বারুইপুর রেলপথের দাবিকে হাতিয়ার করেছেন। মৎসবন্দর তৈরি করে পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানের স্বপ্ন দেখছেন তিনি। স্থানীয় সমস্যার সমাধানে দুই প্রার্থীর এই লড়াই এখন কুলতলির প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।