কুশমণ্ডিতে বিজেপির প্রার্থী নিয়ে তুঙ্গে বিদ্রোহ, ৬ তারিখের মধ্যে বদল না হলে নির্দলের হুঁশিয়ারি

কুশমণ্ডিতে বিজেপির প্রার্থী নিয়ে তুঙ্গে বিদ্রোহ, ৬ তারিখের মধ্যে বদল না হলে নির্দলের হুঁশিয়ারি

কুশমণ্ডি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। দলের মনোনীত প্রার্থী তাপস চন্দ্র রায়ের বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন স্থানীয় নেতা ও কর্মীদের একাংশ। সোমবার কুশমণ্ডি সদর এলাকায় ১১টি গ্রাম পঞ্চায়েতের কয়েকশ কর্মী জমায়েত হয়ে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, তৃণমূল স্তরের কর্মীদের মতামত উপেক্ষা করে রাজ্য ও জেলা নেতৃত্ব এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে।

বিক্ষুব্ধ কর্মীদের দাবি, ৬ মার্চের মধ্যে প্রার্থী বদল না করা হলে তাঁরা পাল্টা প্রার্থী দাঁড় করাবেন। বিক্ষোভে শামিল মহিলা মোর্চার নেত্রী প্রতিমা সরকারও নারী শক্তির অবমাননার অভিযোগ তুলে বর্তমান প্রার্থীকে মেনে নিতে অস্বীকার করেছেন। প্রবীণ নেতাদের অন্ধকারে রেখে কেন তাপস রায়কে বেছে নেওয়া হলো, তা নিয়ে দলীয় কার্যালয়ের বাইরে স্লোগান ও রেজুলেশন পাসের মাধ্যমে চরম সময়সীমা বেঁধে দিয়েছেন কর্মীরা।

জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী অবশ্য এই কোন্দলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, বড় দলে সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়, তবে শেষ পর্যন্ত সকল কর্মী ঐক্যবদ্ধভাবে ময়দানে নামবেন। রাজনৈতিক মহলের নজর এখন রাজ্য নেতৃত্বের দিকে; তাঁরা কি শেষ মুহূর্তে স্থানীয় কর্মীদের চাপে প্রার্থী পরিবর্তন করবেন, নাকি কঠোর হাতে এই গোষ্ঠীদ্বন্দ্ব দমন করবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *