কৃষ্ণনগরে প্রার্থী নিয়ে অসন্তোষ: বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মীদের

কৃষ্ণনগরে প্রার্থী নিয়ে অসন্তোষ: বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মীদের

কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে তারক চ্যাটার্জির নাম ঘোষণা হতেই উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। শনিবার রাতে বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই পছন্দের প্রার্থী না মেলায় ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকদের একাংশ। তাঁদের অভিযোগ, ঘোষিত প্রার্থীর সঙ্গে তৃণমূলের গোপন আঁতাত রয়েছে, যা তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না।

বিক্ষোভের জেরে শনিবার রাত থেকেই কৃষ্ণনগর বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। রবিবারেও সেই একই ছবি ধরা পড়ে, যেখানে বিজেপি টাউন মণ্ডলের সভাপতিরাও বিক্ষোভে শামিল হন। আন্দোলনকারীদের দাবি, স্থানীয় নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে প্রার্থী বদল না করলে তালা খোলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পদ্ম শিবিরে অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। কৃষ্ণনগর ছাড়াও এদিন মধ্যমগ্রাম, দমদম উত্তর ও কল্যাণীসহ একাধিক কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। তবে কৃষ্ণনগরের এই নজিরবিহীন বিক্ষোভ দলীয় নেতৃত্বের ওপর চাপ বাড়িয়েছে। বর্তমানে ২৯৩টি আসনে প্রার্থী ঘোষণা করলেও বিক্ষোভ সামাল দেওয়া এখন বিজেপির বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *