কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই চরম কোন্দল, জেলা দপ্তরে তালা ঝোলালেন কর্মীরা

কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই চরম কোন্দল, জেলা দপ্তরে তালা ঝোলালেন কর্মীরা

কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা হতেই গেরুয়া শিবিরের অন্দরের দীর্ঘদিনের বিবাদ প্রকাশ্যে চলে এল। বিজেপি প্রার্থী হিসেবে তারকনাথ চ্যাটার্জীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী-সমর্থকদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, রবিবার বেলায় কৃষ্ণনগর উকিলপাড়ার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জেলা রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

বিক্ষুব্ধ কর্মীদের সরাসরি অভিযোগ, জেলা সভাপতি অর্জুন বিশ্বাস ও রাজ্য নেতৃত্ব মোটা টাকার বিনিময়ে এই প্রার্থী নির্বাচন করেছেন। বিজেপি নেতা দীপঙ্কর মণ্ডল অভিযোগ তুলেছেন যে, তৃণমূল প্রার্থীর জয়ের পথ প্রশস্ত করতেই পরিকল্পিতভাবে তারক চ্যাটার্জীকে টিকিট দেওয়া হয়েছে। এই প্রার্থী নির্বাচনকে ঘিরে বড়সড় আর্থিক লেনদেন বা ‘ডিল’-এর তত্ত্ব খাড়া করেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব।

স্থানীয় বিজেপি নেতাদের দাবি, তারক চ্যাটার্জী একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত এবং অতীতে কখনও দুর্দিনে কর্মীদের পাশে থাকেননি। এমনকি গত নির্বাচনে কর্মীরা বিপদে পড়লে তিনি যোগাযোগ রাখেননি বলে অভিযোগ। এই ‘অযোগ্য’ প্রার্থীকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মণ্ডল সভাপতি বাপি শীল। তাঁদের হুঁশিয়ারি, জেলা সভাপতি আলোচনায় না বসলে দলীয় অফিসের তালা খোলা হবে না। এই কোন্দল ঘিরে ভোটের আগে চরম অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *