কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণায় ধুন্ধুমার দলের অন্দরেই, উঠল বড় ডিলের অভিযোগ
নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করল। এই কেন্দ্রে তারকনাথ চ্যাটার্জীর নাম প্রার্থী হিসেবে সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী-সমর্থকদের একাংশ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, রবিবার বেলা গড়াতেই কৃষ্ণনগর উকিলপাড়ার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা। জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ‘আর্থিক লেনদেনের’ গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় নেতৃত্ব।
বিক্ষুব্ধ নেতা দীপঙ্কর মণ্ডলের দাবি, জেলা সভাপতি অর্জুন বিশ্বাস ও রাজ্য নেতৃত্ব মোটা টাকার বিনিময়ে এই প্রার্থী নির্বাচন করেছেন। তাঁদের অভিযোগ, তৃণমূল প্রার্থীর জয়ের পথ প্রশস্ত করতেই পরিকল্পিতভাবে তারক চ্যাটার্জীকে টিকিট দেওয়া হয়েছে। মণ্ডল সভাপতি বাপি শীল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, এই ‘অযোগ্য’ প্রার্থীকে তাঁরা কোনওভাবেই মেনে নেবেন না। কর্মীদের অভিযোগ, তারক চ্যাটার্জী অতীতে একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এবং দুর্দিনে কখনও দলের কর্মীদের পাশে দাঁড়াননি।
স্থানীয় নেতাদের আরও অভিযোগ, গত নির্বাচনে কর্মীরা বিপদে পড়লে তারকবাবু তাঁদের ফোন ধরেননি, এমনকি ভয়ে নিজের ওয়ার্ডেও প্রচারে বেরোননি। এমন একজনকে প্রার্থী করায় বিজেপির একনিষ্ঠ কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বিক্ষুব্ধদের হুঁশিয়ারি, যতক্ষণ না জেলা সভাপতি তাঁদের সঙ্গে সরাসরি আলোচনায় বসছেন, ততক্ষণ দলীয় অফিসের তালা খোলা হবে না। প্রার্থী বদলের এই জেদকে কেন্দ্র করে বর্তমানে উত্তপ্ত কৃষ্ণনগরের রাজনৈতিক মহল, যা ভোটের আগে পদ্ম শিবিরের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।