কেকেআরের বোলিং বিভাগে ‘রহস্যের’ অভাব, আইপিএলের আগে অশ্বিনের কড়া সমালোচনা

আসন্ন আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্সের বোলিং শক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশেষত কেকেআরের প্রধান অস্ত্র সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর বোলিংয়ে আগের মতো সেই ধার বা রহস্য নেই বলে তিনি মনে করেন। অশ্বিনের মতে, প্রতিপক্ষ ব্যাটাররা এখন এই স্পিন জুটি সম্পর্কে অনেক বেশি সচেতন এবং তাঁদের বোলিংয়ে নতুনত্বের অভাব স্পষ্ট।
নাইট শিবিরে চোটের সমস্যা এমনিতেই উদ্বেগ বাড়িয়েছে। হর্ষিত রানা ও আকাশ দীপের মতো পেসাররা ছিটকে যাওয়ায় বোলিং বিভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্পিন বিভাগের ওপর নির্ভরতা বাড়লেও অশ্বিন সতর্ক করেছেন যে, নারিন বা বরুণের বোলিং এখন আর ব্যাটারদের মনে আগের মতো ভীতি সঞ্চার করতে পারছে না। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, বোলিং অ্যাকশনের সীমাবদ্ধতার কারণে নারিন এখন আর গতিতে বৈচিত্র্য আনতে পারছেন না।
অন্যদিকে, বরুণ চক্রবর্তীকেও নিজের বোলিং নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন অশ্বিন। তিনি জানান, আধুনিক ক্রিকেট বিশ্লেষকদের কাছে এই স্পিনারদের কৌশল এখন অনেকটাই পরিচিত, ফলে মাঠে বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা কম। পেস ইউনিটের অনভিজ্ঞতা এবং স্পিন দাপট কমে যাওয়ার এই জোড়াফলা কেকেআর-এর জন্য আইপিএলের মঞ্চে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।