কেন্দ্রীয় অফিসারদেরও কড়া হুঁশিয়ারি বঙ্গ বিজেপির, শমীকের নিশানায় এবার ‘তৃণমূল ঘনিষ্ঠ’ আমলারা
কলকাতা: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা ‘সার’ (SIR) চলাকালীন এবার কেন্দ্রীয় সংস্থার অফিসারদের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। এতদিন রাজ্যের আমলা ও পুলিশ আধিকারিকদের বিঁধলেও, এবার সরাসরি নির্বাচন কমিশনের নিয়োগ করা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের একাংশকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
মঙ্গলবার রাজ্য বিজেপি সদর দপ্তরে শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে জানান, কেন্দ্রীয় পাবলিক সেক্টর ইউনিটের (PSU) যে সমস্ত কর্তারা এ রাজ্যে পর্যবেক্ষক হিসেবে এসে রাজ্য সরকারের সচিবদের সঙ্গে ‘তৃণমূলী ঘনিষ্ঠতা’ বজায় রাখছেন, তাঁদের ভবিষ্যৎ অন্ধকার। তাঁর স্পষ্ট দাবি, অবসরের পর এই অফিসারদের পথ মসৃণ হবে না এবং বিজেপি সরকার তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রীয় অফিসারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিল। এখন বিজেপিও তাঁদের ওপর অনাস্থা প্রকাশ করায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর পাল্টা কটাক্ষ, “নির্বাচনী ভরাডুবি নিশ্চিত বুঝেই এখন কেন্দ্রীয় অফিসারদের ওপর দায় চাপাচ্ছে বিজেপি।” অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, অফিসারদের সংঘাতের চেয়েও বড় বিষয় হলো সাধারণ মানুষের হয়রানি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা সংশোধনের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।