কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল, ব্রাত্য-সায়নীর বিস্ফোরক ‘এক্সপোজ’

বাংলায় আসা কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষকদের একাংশ বিজেপি-ঘনিষ্ঠ বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ চারজন পর্যবেক্ষকের ছবি ও নথিসহ তাঁদের অতীত ‘কীর্তি’ ফাঁস করেন। ব্রাত্য বসুর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শেই বেছে বেছে বিতর্কিত কর্মকর্তাদের বাংলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন।
তৃণমূলের পেশ করা তথ্যে উঠে এসেছে বনগাঁ দক্ষিণ, গাজোল, মধ্যমগ্রাম ও বালিগঞ্জের পর্যবেক্ষকদের নাম। তাঁদের বিরুদ্ধে মধ্যপ্রদেশে সরকারি জমি বণ্টন দুর্নীতি, মহারাষ্ট্রে অ্যাম্বুলেন্স টেন্ডার কেলেঙ্কারি এবং ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ আনা হয়েছে। শাসকদলের দাবি, অভিযুক্ত কর্মকর্তাদের ক্লিন চিট দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ব্রাত্য বসু বলেন, জ্ঞানেশ কুমার ও তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে এই কর্মকর্তাদের নিয়োগ করেছেন। পোস্টারে ‘EXPOSE’ লিখে প্রত্যেক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা ফৌজদারি মামলা ও দুর্নীতির খতিয়ান তুলে ধরা হয়। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা ও আমলাতন্ত্রকে ব্যবহার করে বাংলার নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার।