কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষাবলয়ে বিধায়ক হুমায়ুন কবীর

প্রাণহানির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড হওয়ার পর তিনি নতুন রাজনৈতিক দল গঠন করেন। এরপর নিরাপত্তার অভাব বোধ করায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি বিবেচনার নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী, পুনরায় আবেদন জানানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর নিরাপত্তা সংক্রান্ত আবেদনটি মঞ্জুর করেছে। শুক্রবার হুমায়ুন কবীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা ছয়জন বেসরকারি রক্ষী ও রাজ্য পুলিশের দুই জওয়ানের পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী তাঁকে পাহারা দেবে। কেন্দ্রীয় সুরক্ষা পাওয়ার পর বেসরকারি নিরাপত্তারক্ষীরা আর থাকবেন না। তবে সুরক্ষার ধরণ সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী এখনও স্পষ্ট নয় বলে বিধায়ক জানিয়েছেন।