কেন্দ্রের টালবাহানায় থমকে গেল জল জীবন মিশন বাংলায় পানীয় জলের সংযোগ থেকে বঞ্চিত ৫০ লক্ষ পরিবার

বাজেটে মেয়াদ বৃদ্ধির ঘোষণা সত্ত্বেও দীর্ঘ এক বছর অতিক্রান্ত হওয়ার পর অবশেষে জল জীবন মিশন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আর্থিক অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের এই দীর্ঘসূত্রিতার কারণে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজ্য প্রশাসনের দাবি, সঠিক সময়ে এই অনুমোদন মিললে গত দেড় বছরে রাজ্যে আরও অন্তত ৫০ লক্ষ পরিবার পানীয় জলের সংযোগ পেতে পারত।
২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রাথমিক মেয়াদ ২০২৪ সালের মার্চ মাসে শেষ হলেও লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় কেন্দ্র। পরবর্তীতে বাজেটে প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে ঘোষণার পর এক বছর কেটে গেলেও আর্থিক ছাড়পত্র না মেলায় রাজ্যগুলি কোনো সুফল পায়নি। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করলেও হাতে টাকা না আসা পর্যন্ত কাজের গতি ফেরা নিয়ে সংশয়ে রয়েছে রাজ্য।
পশ্চিমবঙ্গে মোট ১ কোটি ৬০ লক্ষের বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ৯৯ লক্ষ বাড়িতে সংযোগ দেওয়া সম্পন্ন করেছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আগস্ট মাস থেকে কেন্দ্রের অর্থ আসা বন্ধ হয়ে যাওয়ায় প্রকল্পের কাজে টান পড়ে। ২০২৪-২৫ অর্থবর্ষে ৩০ লক্ষ সংযোগের লক্ষ্যমাত্রা থাকলেও কেন্দ্রের অসহযোগিতায় মাত্র ১০ লক্ষ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। এমনকি এই কাজটুকুও সম্পন্ন হয়েছে রাজ্যের নিজস্ব আড়াই হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের কারণে। ২০২৫-২৬ অর্থবর্ষে ৩০ লক্ষ সংযোগের লক্ষ্য থাকলেও কেন্দ্রের টাকা না মেলায় তা মাত্র দেড় লক্ষে এসে ঠেকেছে। রাজ্যের দাবি, ২০২৩-২৪ অর্থবর্ষে রেকর্ড ২৪ লক্ষ সংযোগ দেওয়া সম্ভব হয়েছিল, যা কেন্দ্রের টালবাহানা না থাকলে আরও বৃদ্ধি পেত এবং প্রকল্প সমাপ্তির পথে এগিয়ে যেত।