কেন্দ্রের বিরুদ্ধে ৭ লক্ষাধিক মামলা: ১২ বছরে আইনজীবীদের ফি বাবদ খরচ ৬৮৩ কোটি টাকা

দেশের বিভিন্ন আদালতে ভারত সরকারের বিরুদ্ধে বর্তমানে ৭ লক্ষ ১৪ হাজারেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। সংসদীয় কমিটির সাম্প্রতিক রিপোর্টে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে, যেখানে মামলার সংখ্যার বিচারে ১ লক্ষ ৯৪ হাজার মামলা নিয়ে শীর্ষে রয়েছে অর্থ মন্ত্রক। এই আইনি লড়াই পরিচালনা করতে গিয়ে গত ১২ বছরে নামী আইনজীবীদের ফি বাবদ মোদী সরকারকে প্রায় ৬৮৩ কোটি টাকা ব্যয় করতে হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর এবং চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আইনজীবীদের বিল মেটাতে সরকারের রেকর্ড পরিমাণ খরচ হয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলোতে স্থায়ী সরকারি আইনজীবী প্যানেল থাকা সত্ত্বেও বিশেষ মামলাগুলোতে বাইরের বিশেষজ্ঞ আইনজীবী নিয়োগের ফলে এই ব্যয়ের অঙ্ক বেড়েছে। বিশেষ করে গত অর্থবছরে এই খাতে ব্যয় হয়েছে ৮৭ কোটি ৬৫ লক্ষ টাকা, যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি।
সংসদীয় কমিটি দ্রুত মামলা নিষ্পত্তির জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। আইন ও বিচার মন্ত্রক জানিয়েছে, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রকগুলো থেকে প্রয়োজনীয় নথি সময়মতো না মেলায় বা আইনজীবীদের প্রস্তুতির অভাবে শুনানি পিছিয়ে যাচ্ছে। এই অব্যবস্থাপনা রোধে এবং আইনি লড়াইয়ে সরকারি অবস্থান মজবুত করতে ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা জারি করে সমস্ত বিভাগকে সতর্ক করা হয়েছে।