কেভিএস অ্যাডমিশন ২০২৬: কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু কাল

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে। অভিভাবকরা ২০ মার্চ সকাল ১০টা থেকে ২ এপ্রিল পর্যন্ত অফিসিয়াল পোর্টাল kvsonlineadmission.kvs.gov.in-এ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি অনুসরণ করা হবে এবং ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে শিশুর বয়স ৬ থেকে ৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
অন্যান্য উচ্চতর শ্রেণি (নবম বাদে) এবং বালবাটিকা ২ ও ৩-এর জন্য আসন খালি থাকা সাপেক্ষে ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত অফলাইন আবেদন প্রক্রিয়া চলবে। আগ্রহী অভিভাবকদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যক্ষের কার্যালয়ে ফর্ম জমা দিতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী এসসি ১৫%, এসটি ৭.৫% এবং ওবিসি প্রার্থীদের জন্য ২৭% কোটা বরাদ্দ থাকছে।
আবেদন করতে প্রথমে পোর্টালে গিয়ে ‘New Registration’ সম্পন্ন করে লগইন কোড সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ করা যাবে। প্রথম প্রভিশনাল তালিকা ৯ এপ্রিল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ভর্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী তালিকার আপডেট পেতে অভিভাবকদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।