কেরলের নামবদল: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও বাঙালি-বিদ্বেষের অভিযোগে সরব মমতা

কেরলের নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও কড়া ভাষায় বিজেপি সরকারের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেরলের প্রস্তাব গৃহীত হলেও পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার দীর্ঘদিনের দাবিকে কেন্দ্র বারবার উপেক্ষা করছে। বিধানসভায় দুইবার প্রস্তাব পাশ করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করা সত্ত্বেও কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের নাম ‘W’ অক্ষর দিয়ে শুরু হওয়ায় বর্ণানুক্রমিক তালিকায় পশ্চিমবঙ্গের পড়ুয়ারা ইন্টারভিউতে এবং তিনি নিজে প্রশাসনিক বৈঠকে সবার শেষে সুযোগ পান। এই সমস্যা দূর করতে এবং সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কেন্দ্রের এই অনীহাকে তিনি ‘বাঙালি-বিরোধী’ মানসিকতা এবং বাংলার মণীষীদের প্রতি আসাম্মান হিসেবেই দেখছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, কেরলের ক্ষেত্রে অনুমোদন পাওয়ার পেছনে বিজেপি ও সিপিআই(এম)-এর গোপন আঁতাত রয়েছে। ভোটের সময় বাংলা শব্দ ব্যবহার করলেও কেন্দ্র আসলে বাংলাকে বঞ্চনা করছে বলে তাঁর মত। তবে প্রতিকূলতা সত্ত্বেও ভবিষ্যতে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করার বিষয়ে তিনি নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।