কেরলের নাম বদলে হল ‘কেরলম’, ব্রাত্যই রইল পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের দাবি

কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার কেরলের নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হওয়ার পর কেন্দ্রের এই সবুজ সংকেত মেলায় এখন থেকে রাজ্যটি সরকারিভাবে নতুন নামে পরিচিত হবে। শীঘ্রই ‘কেরালা বিল, ২০২৬’ রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পেশ করা হবে বলে জানা গেছে।
কেরলের এই সাফল্যে কেন্দ্রের বিরুদ্ধে চরম বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেরলের বাম সরকারের প্রস্তাবে সায় দিলেও বাংলার দীর্ঘদিনের আবেদনকে দিল্লি ক্রমাগত উপেক্ষা করছে। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন যে, লাল ফিতের ফাঁসে বছরের পর বছর ফাইলবন্দি হয়ে পড়ে আছে পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টি।
উল্লেখ্য, ২০১৮ সালে সব ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাঠিয়েছিল নবান্ন। বর্ণানুক্রমিক সুবিধা এবং ভৌগোলিক প্রাসঙ্গিকতার যুক্তিতে এই দাবি জানানো হলেও কেন্দ্র তাতে কর্ণপাত করেনি। বাংলাদেশের সঙ্গে নামগত সাদৃশ্যের অজুহাতে সেই প্রস্তাব বর্তমানে ঝুলে রয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের আবেদন নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিষয়টি এড়িয়ে যান, যা কেন্দ্র-রাজ্য সংঘাতকে আরও উসকে দিয়েছে।