কেরলে তরুণ ভোটার টানতে কমিশনের ধামাকা অফার! ১ টাকায় টিফিন ও ফ্রি রাইড

কেরলে তরুণ ভোটার টানতে কমিশনের ধামাকা অফার! ১ টাকায় টিফিন ও ফ্রি রাইড

কেরলে আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটারদের অংশগ্রহণ বাড়াতে একগুচ্ছ অভাবনীয় ও আকর্ষণীয় পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বিশেষ করে ১৮ থেকে ৩০ বছর বয়সি ভোটারদের বুথমুখী করতে এবার দেওয়া হচ্ছে বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা, টিফিন এবং কফি হাউসে বিশেষ ছাড়ের সুবিধা। কমিশনের লক্ষ্য, এই অভিনব কৌশলের মাধ্যমে রাজ্যের প্রায় ৫০ লক্ষ তরুণ ভোটারের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সামগ্রিক ভোটদানের হার ৯০ শতাংশে নিয়ে যাওয়া।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, তরুণ ভোটাররা ভোট দেওয়ার পর বুথেই টিফিন পাবেন। মাত্র ১ টাকার বিনিময়ে মিলবে চালের আটার রুটি ও হালুয়া। এছাড়া প্রথমবার ভোট দেওয়া ভোটারদের জন্য বিশেষ উপহার হিসেবে থাকছে হালুয়ার প্যাকেট। যাতায়াতের সুবিধার্থে ‘উবার’-এর সঙ্গে বিশেষ চুক্তি করা হয়েছে। ভোটার কার্ড ও বুথ নম্বর দিয়ে রাইড বুক করলে ভোটকেন্দ্রের দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিনামূল্যে যাতায়াত করা যাবে। দুই কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দিতে হবে যাত্রীকে।

তরুণদের রুচি ও পছন্দের কথা মাথায় রেখে স্টারবাকস এবং ক্যাফে কফি ডে-র মতো জনপ্রিয় কফি চেইনগুলোতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভোট উৎসবের আমেজ বজায় রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত ভিডিও, সোশ্যাল মিডিয়া রিল এবং ‘Gen Z anthem’ বা বিশেষ সঙ্গীতও চালু করা হয়েছে। এছাড়া ৯ এপ্রিল ভোট মিটে যাওয়ার পর ১০ ও ১১ এপ্রিল ‘সাপ্লাইকো’ মাত্র ১ টাকায় চালের গুঁড়ো বিক্রি করবে বলে জানানো হয়েছে।

কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক রথান ইউ কেলকার জানান, তরুণ ভোটাররা অনেক সময় মনে করেন একটি ভোটে কোনো পরিবর্তন আসবে না, তাই তাদের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। ২,০০০-এর বেশি নির্বাচনী স্বাক্ষরতা ক্লাব বর্তমানে স্কুল, কলেজ ও বিভিন্ন এলাকায় এই বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছে। রাজনৈতিক দলগুলোও কমিশনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে। কমিশনের বিশ্বাস, এই উদ্ভাবনী পদক্ষেপগুলো ভোটারদের ওপর গভীর ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *