কেরল নির্বাচনে নাটকীয় মোড়, সিপিএম-বিজেপি আঁতাঁত নিয়ে রাহুল গান্ধীর বিস্ফোরক দাবি

নিউজ ডেস্ক : কেরল বিধানসভা নির্বাচনের আবহে বাম দুর্গ কান্নুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এবং এলডিএফ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, কেরলে এবার বামপন্থীদের সঙ্গে বিজেপির এক ‘অভূতপূর্ব গোপন আঁতাঁত’ তৈরি হয়েছে। এই নির্বাচনকে কেবল ক্ষমতার লড়াই নয়, বরং আদর্শের লড়াই হিসেবে অভিহিত করেছেন তিনি।
মঙ্গলবার কান্নুরে আয়োজিত এক জনসভায় রাহুল গান্ধী অভিযোগ করেন, সিপিএম এখন তাদের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে কর্পোরেট শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি যেখানে দেশজুড়ে বিরোধীদের কণ্ঠরোধ করছে, সেখানে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বা তাঁর পরিবারের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না? রাহুলের দাবি, বিজেপি চায় বামপন্থীরাই ক্ষমতায় থাকুক, কারণ তাদের নিয়ন্ত্রণ করা সহজ। অন্যদিকে, ইউডিএফ তথা কংগ্রেসকে নিয়ন্ত্রণ করা বিজেপির পক্ষে আসাম্ভব।
জাতীয় রাজনীতি প্রসঙ্গে রাহুল গান্ধী মোদী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আমেরিকার সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির ফলে ভারতের সাধারণ কৃষক, বিশেষ করে রবার, ভুট্টা ও সয়াবিন চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। তিনি সতর্ক করে দেন যে, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দেশের জ্বালানি নিরাপত্তাও এই নীতির ফলে হুমকির মুখে। রাহুল জোর দিয়ে বলেন, কেরল সবসময় ঐক্য ও অহিংসার পথে চলেছে, আর ইউডিএফ সেই ভ্রাতৃত্বের বার্তাই বহন করছে। কান্নুর ও কোঝিকোড়ের এই সমাবেশ থেকে তিনি ভোটারদের কংগ্রেসের হাত শক্ত করার আহ্বান জানান।