কেরালার নামবদল: বঞ্চনার অভিযোগে মোদি সরকারকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেরালার নাম পরিবর্তন করে ‘কেরলম’ রাখার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, বাংলার নাম পরিবর্তনের প্রস্তাব দীর্ঘকাল ঝুলে থাকা নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০১৮ সাল থেকে বিধানসভায় একাধিকবার প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও কেন্দ্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘বাংলা’ নামটি অনুমোদন করছে না।
নবান্ন সূত্রে খবর, বর্ণানুক্রমিক কারণে জাতীয় স্তরের বৈঠক বা পরীক্ষায় বাংলার পড়ুয়া ও প্রতিনিধিদের অসুবিধার কথা স্মরণ করিয়ে দেন মমতা। তাঁর দাবি, কেরালার বাম সরকারের প্রস্তাব দ্রুত মেনে নেওয়ার নেপথ্যে সিপিএম ও বিজেপির ‘গোপন আঁতাত’ রয়েছে। কেন্দ্রকে ‘বাংলা-বিরোধী’ আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন বারবার বাংলাকে বঞ্চনার শিকার হতে হচ্ছে।
আগামী দিনে এই বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের থেকে বাংলার নতুন নামের অধিকার তিনি আদায় করেই ছাড়বেন। তাঁর মতে, বাংলার সংস্কৃতি ও মনীষীদের আসাম্মান করতেই কেন্দ্র এই দীর্ঘসূত্রতা বজায় রাখছে। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের নির্বাচনের আগে এই নামবদল ইস্যু কেন্দ্র-রাজ্য সংঘাতে নতুন মাত্রা যোগ করল।