কেরালা দখলে মোদী-শাহের বিধ্বংসী মাস্টারপ্ল্যান! দক্ষিণের এই রাজ্যে কি এবার ফুটবে পদ্ম

নিজেদের সবটুকু শক্তি উজাড় করে কেরালা বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। দলের তুরুপের তাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই সামলাবেন প্রচারের হাল। কেরালার ১৪০টি আসনের লড়াইয়ে খাতা খুলতে মরিয়া গেরুয়া শিবির এবার কোমর বেঁধে ময়দানে নামছে।
বিজেপি সূত্রের খবর অনুযায়ী, কেরালায় ঝোড়ো সফর করবেন প্রধানমন্ত্রী মোদী। একাধিক জনসভা ও র্যালির মাধ্যমে কর্মীদের চাঙ্গা করাই তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে কাসরগোড, পালক্কাদ, তিরুবনন্তপুরম এবং ত্রিশূরের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজর দিচ্ছে দল।
সাংসদ সুরেশ গোপীর ত্রিশূর জয় এবং স্থানীয় পুরসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য বিজেপির আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই জয়ের ধারা বজায় রাখতেই মোদী-শাহের নেতৃত্বে এবার দক্ষিণের এই দুর্গে বড়সড় রদবদলের ছক কষছে দিল্লি।