কোচবিহারে স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য

কোচবিহার শহরের বকশিবাড়ি এলাকায় এক নার্সকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম ছন্দা রায় (৩৫), যিনি ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। অভিযোগ, রাত সাড়ে নটা নাগাদ বিবাদের জেরে তাঁর স্বামী রণজিৎ রায় তাঁর গায়ে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলেই দাউদাউ করে জ্বলে উঠে মৃত্যু হয় ওই মহিলার।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলার আর্তচিৎকার শুনে বাইরে এসে তাঁরা বারান্দায় আগুন জ্বলতে দেখেন এবং একজনকে দ্রুত পালিয়ে যেতে দেখেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। অভিযুক্ত স্বামী রণজিৎ রায় পেশায় একজন গাড়ি চালক। ঘটনার পর তাঁকে ভাওয়াল মোড় সংলগ্ন টোল গেট এলাকা থেকে আটক করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল, যা নিয়ে আগে পুলিশি অভিযোগও দায়ের হয়েছিল। ওই অশান্তির জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে অভিযুক্ত স্বামীও জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।