কোচবিহার উত্তরে তৃণমূলের তুরুপের তাস পার্থপ্রতিম নজরকাড়া ট্যাগলাইনে জমজমাট প্রচার

কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ের খরা কাটাতে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস। বিগত তিনটি নির্বাচনে এই আসনে জয় না পেলেও এবার প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে প্রার্থী করে কোমর বেঁধে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। রাজবংশী মুখ পার্থপ্রতিমকে সামনে রেখে এলাকার প্রতিটি গ্রামে ও বাড়িতে নিবিড় জনসংযোগ শুরু করেছেন কর্মীরা। ‘এবার জিতবে উত্তর’—এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই দলের পক্ষ থেকে সাজানো হয়েছে বিশেষ প্রচার কৌশল।
নির্বাচনী প্রচারে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর মতো জনমুখী প্রকল্পগুলোকে প্রধান অস্ত্র করা হয়েছে। প্রার্থী পার্থপ্রতিম রায়ের নেতৃত্বে চলছে বিশাল পদযাত্রা ও খুলি বৈঠক। প্রার্থীর দাবি, সরকারি প্রকল্পের সুফল পাওয়ায় মানুষ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন এবং রাজারহাট থেকে খাগড়াবাড়ি পর্যন্ত উপচে পড়া ভিড় তৃণমূলের জয়ের ইঙ্গিত দিচ্ছে। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শাসক শিবির এবার এই আসনে পদ্ম হঠাতে বদ্ধপরিকর।
পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি শিবিরও। গেরুয়া শিবিরের প্রার্থী সুকুমার রায়ের দাবি, এই বিধানসভা কেন্দ্রটি বিজেপির শক্ত ঘাঁটি এবং এখানকার মাটিতে অন্য কোনো ফুল ফুটবে না। তৃণমূলের প্রচারকে গুরুত্ব না দিয়ে বিজেপি নেতৃত্ব অন্তত ৫০ হাজার ভোটে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছে। ভোটের দিন এগিয়ে আসতেই দুই শিবিরের এই রাজনৈতিক তরজা ও প্রচার কোচবিহার উত্তরের লড়াইকে এক অনন্য মাত্রা দিয়েছে।